চীন প্রতিনিধি
চীনের শানডং প্রদেশে পাঁচ দিনব্যাপী একটি বিদেশি গণমাধ্যম প্রতিনিধি দলের সফর অনুষ্ঠিত হয়েছে। ১০ থেকে ১৪ আগস্ট অনুষ্ঠিত এ সফরে বিভিন্ন দেশের সাংবাদিক ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে শানডংয়ের প্রযুক্তিগত উদ্ভাবন, ঐতিহ্যবাহী সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ এবং উচ্চমানের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পাঁচ দিনব্যাপী এ সফরের আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান সিআরআই অনলাইন, ছিংতাও পৌর সরকারের তথ্য কার্যালয় এবং তোংইং পৌর সরকারের তথ্য কার্যালয়।
সফরকালে প্রতিনিধি দলটি ছিংতাও ও তোংইংয়ে স্থানীয় সম্প্রদায়, শিল্পপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে। সরেজমিন অভিজ্ঞতা ও মতবিনিময়ের মাধ্যমে তারা শানডংয়ের অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, মানুষের জীবনমান উন্নয়ন এবং সবুজ উন্নয়নের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ধারণা লাভ করেন।
সফরের বিভিন্ন কর্মসূচিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, বুদ্ধিমান উৎপাদন, জৈবপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, সামুদ্রিক শিল্প, গ্রামীণ পুনরুজ্জীবন, ঐতিহ্যবাহী সংস্কৃতি, নগর উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের মতো বিষয় গুরুত্ব পায়।
ছিংতাও পর্বে বিদেশি প্রতিনিধিরা শহরটির প্রযুক্তিগত উদ্ভাবন ও শিল্পের আধুনিকায়ন সম্পর্কে জানতে পারেন। একই সঙ্গে তারা দেখতে পান, কীভাবে আধুনিক প্রযুক্তি শিল্প ও মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা হচ্ছে। ঐতিহ্যবাহী সংস্কৃতি ও আধুনিক পর্যটনের সমন্বয়ের বিভিন্ন উদ্যোগও তাদের সামনে তুলে ধরা হয়।
সফরে গ্রামীণ পুনরুজ্জীবন, সাংস্কৃতিক পর্যটন ও স্বাস্থ্যসেবা-ভিত্তিক শিল্পের বিকাশ নিয়েও আলোচনা হয়। স্থানীয় খাদ্যসংস্কৃতি, চা সংস্কৃতি ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের মাধ্যমে প্রতিনিধিরা দেখেন, কীভাবে ঐতিহ্যকে সংরক্ষণ করে তা আধুনিক সমাজ ও অর্থনীতির সঙ্গে যুক্ত করা হচ্ছে।
তোংইং পর্বে সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইয়েলো রিভার বা হুয়াংহো নদী। নদীর মোহনায় অবস্থিত এ শহরে প্রতিনিধিরা হুয়াংহো নদীর সাংস্কৃতিক গুরুত্ব, স্থানীয় শিল্পের বিকাশ এবং নদী ও জলাভূমি সংরক্ষণে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জানতে পারেন।
বিশেষ করে হুয়াংহো ডেল্টার পরিবেশ সংরক্ষণ এবং লবণাক্ত-ক্ষারীয় জমির কার্যকর ব্যবহারের উদ্যোগ বিদেশি প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে। এসব উদ্যোগের মাধ্যমে পরিবেশগত চ্যালেঞ্জকে কীভাবে টেকসই উন্নয়নের সুযোগে পরিণত করা হচ্ছে, সে বিষয়েও তারা ধারণা লাভ করেন।
বাংলাদেশ, কানাডা, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তানের বিভিন্ন বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ছাড়াও শ্রীলঙ্কা, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক বন্ধুরা এ সফরে অংশ নেন।
সরেজমিন পরিদর্শন, অভিজ্ঞতা বিনিময় ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে সফরটি বিদেশি প্রতিনিধিদের সামনে শানডংয়ের উন্নয়নের একটি বহুমাত্রিক চিত্র তুলে ধরে। একই সঙ্গে প্রযুক্তিগত উদ্ভাবন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব উন্নয়নের সমন্বয়ে চীনের আধুনিকায়নের একটি স্থানীয় দৃষ্টান্ত সম্পর্কে তাদের নতুন উপলব্ধি তৈরি হয়।
সর্বশেষ হালনাগাদ 6 hours আগে

