শতদল তালুকদার, সিডনি থেকে

অস্ট্রেলিয়ায় বসবাসরত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'চুয়েটিয়ানস ইন অস্ট্রেলিয়া'-এর বার্ষিক মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের সিডনির স্কাইভিউ ফাংশন সেন্টার, লিভারপুলে গত ৮ আগস্ট ২০২৬, বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া এ আয়োজন গড়ায় গভীর রাত পর্যন্ত।

অস্ট্রেলিয়ার নানা প্রান্ত থেকে—মেলবোর্ন, অ্যাডিলেড, ক্যানবেরা, নিউকেসল ও ব্রিসবেন থেকে আসা ১৯৬৮ ব্যাচ থেকে ২০১৯ ব্যাচের চুয়েটিয়ানরা সপরিবারে অংশগ্রহন করেন অনুষ্ঠানে। হলজুড়ে ছিল উৎসবের আমেজ। শিশু-কিশোরদের ছোটাছুটি, সহপাঠীর সঙ্গে দেখা হওয়ার আবেগ আর প্রবাসজীবনের ব্যস্ততা ভুলে একটি সন্ধ্যা একসঙ্গে কাটানোর আনন্দ—সব মিলিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে একান্তই পারিবারিক।

অনুষ্ঠানের সঞ্চাচনা করেন প্রবীর তলাপাত্র ও শর্মী বড়ুয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন ১৯৭০ ব্যাচের আনোয়ারুল হক। এরপর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় মিলনমেলা ২০২৬-এর। চুয়েটের উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েম স্যারের ধারণকৃত শুভেচ্ছা বক্তব্য প্রচারিত হয় বড় পর্দায়, যা উপস্থিত সবার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নাড়ির টান নতুন করে জাগিয়ে তোলে।

সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বছরজুড়ে সংগঠনের কার্যক্রম, সদস্যদের সহযোগিতা ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে সিডনিস্থ বাংলাদেশ কনস্যুলেটের অতিথিদের পাশাপাশি বুয়েট, কুয়েট ও রুয়েটের প্রাক্তন শিক্ষার্থী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সহোদর প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর এই উপস্থিতি অনুষ্ঠানে যোগ করে বাড়তি সৌহার্দ্য।

'স্মৃতিচারণ পর্বে' প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে যান পাহাড়ঘেরা চুয়েট ক্যাম্পাসের দিনগুলোতে—হলজীবন, ক্লাস ফাঁকি, বন্ধুত্ব আর তারুণ্যের সেই দিনগুলোর গল্পে অনেকের চোখই ছিল ছলছল।

অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য অংশ ছিল সম্মাননা প্রদান পর্ব। পেশাগত অর্জন, একাডেমিক উৎকর্ষ ও কমিউনিটির প্রতি নিবেদিত সেবার স্বীকৃতিস্বরূপ কয়েকটি ক্যাটাগরিতে সম্মাননা তুলে দেওয়া হয়।

এইচএসসিতে উচ্চতম এটিএআর ক্যাটাগরিতে সম্মাননা পায় দুই কৃতী শিক্ষার্থী আয়ান আজহার (ড. সাবরিনা আলীর সন্তান) এবং প্রমিতি সরকার (অধ্যাপক প্রবীর সরকারের সন্তান)।

রিকগনিশন অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পান অধ্যাপক জি এম শফিউল্লাহ। পার্থের মার্ডক ইউনিভার্সিটিতে অধ্যাপক পদে পদোন্নতি লাভের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড পান তিনজন, এরা হলেন নাজিম ওয়ালিদ (৯৮, যন্ত্রকৌশল); এহতেশামুল হক (৯৪, যন্ত্রকৌশল); এবং মেলবোর্নে ভিক্টোরিয়া অ্যাডমিন প্যানেলের সদস্য ড. মহসিন আহমেদ (৯৪, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল)।

এক্সিলেন্স অ্যাওয়ার্ড পান চারজন কৃতী প্রকৌশলী ও গবেষক। অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক তাফসিরোজ্জামান (০৯, পুরকৌশল); জয়নাল আবেদীন (০২, পুরকৌশল); সুশীল ভট্টাচার্য (৯৭, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল); এবং তাশফিয়া নুসরাত (০৮, যন্ত্রকৌশল)।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পূর্ববর্তী সভাপতি প্রফেসর ড: নিয়াজ শেখ ও ড: আবদুল্লাহ মামুন সম্মাননা প্রদান করেন। সভাপতি মনিরুজ্জামান মনির তাঁর বক্তব্যে সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রবাসের মাটিতে চুয়েটিয়ানদের এই অর্জন কেবল ব্যক্তিগত নয়—এটি পুরো কমিউনিটির গর্ব। তিনি নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে সংযুক্ত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

নৈশভোজ ও ফটোসেশনের পর শুরু হয় বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক পর্ব। 'সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি' সমবেত সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ পর্বে ছিল দলীয় সংগীত, একক পরিবেশনা, নৃত্য ও আবৃত্তি। সন্ধ্যার মূল আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় শিল্পী নকীব খানের পরিবেশনা। তাঁর কণ্ঠে একের পর এক জনপ্রিয় গান শুনে দর্শক-শ্রোতারা কণ্ঠ মেলান, অনেকে নেমে পড়েন নাচে। প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যে দেশের গান, দেশের সুর যেন এক টুকরো বাংলাদেশকেই হাজির করে লিভারপুলের সেই মিলনায়তনে।

অনুষ্ঠানের সমাপ্তিতে বিশেষ অতিথি নকীব খানকে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

আয়োজকেরা জানান, অনুষ্ঠান সফল করতে সহযোগিতার জন্য তাঁরা সব পৃষ্ঠপোষক, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞ। ২০২৭ সালের মিলনমেলা আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ও চুয়েটিয়ান্স ইন অস্ট্রেলিয়ার কার্যক্রমে সবার স্বতস্ফুর্ত অংশগ্রহনের প্রত্যাশায় শেষ হয় এ আয়োজন।

উল্লেখ্য, 'চুয়েটিয়ানস ইন অস্ট্রেলিয়া' একটি নিবন্ধিত অলাভজনক সংগঠন (রেজিস্ট্রেশন নম্বর: INC1501782), যা অস্ট্রেলিয়ায় বসবাসরত চুয়েট প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও সাংস্কৃতিক বন্ধন জোরদারে কাজ করে আসছে।

সর্বশেষ হালনাগাদ 10 hours আগে

Leave A Reply

Exit mobile version