অর্থকাগজ প্রতিবেদন ●
দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপারের কার্যক্রম।
১৫ ফেব্রুয়ারি থেকে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকলেও সপ্তাহের ৭ দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই চেকপোস্ট ব্যবহার করে লোকজন বাংলাদেশ ও ভারতে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাতায়াত করতে পারবেন। তাই স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধের সঙ্গে পাসপোর্ট যাত্রী পারাপারে কোনো সম্পর্ক নেই।
বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, ১৪ ফেব্রুয়ারি রাতে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত পালিত হয়েছে। ফলে ১৫ ফেব্রুয়ারি সরকারি ছুটি রয়েছে। এ কারণে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীরা নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে আগামীকাল রোববার থেকে পুনরায় আমদানি রফতানিসহ সব কার্যক্রম যথারীতি শুরু হবে। ●
অকা/বাণিজ্য/ফর/সন্ধ্যা/১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

