অর্থকাগজ প্রতিবেদন>
বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, ওষুধ শিল্প ও প্রকৌশল খাতে সুইডিশ বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।
বুধবার (২৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও লাতিন আমেরিকা বিভাগের পরিচালক ও প্রধান ড্যানিয়েল উলভেন।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক ও উন্নয়ন সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়। এ সময় ড্যানিয়েল উলভেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শামা ওবায়েদকে অভিনন্দন জানান।
শামা ওবায়েদ বাংলাদেশের উন্নয়নযাত্রায় সুইডেনের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করে বলেন, জলবায়ু সহনশীলতা, নারী ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নে দেশটির অবদান গুরুত্বপূর্ণ। তিনি সরকারের চলমান সংস্কার কার্যক্রম এবং সৃজনশীল অর্থনীতি বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি টেলিযোগাযোগ, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবাধিকার এবং শান্তি-নিরাপত্তা বিষয়ে সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়েও উভয় পক্ষ গুরুত্ব দেয়।
সর্বশেষ হালনাগাদ 1 hour আগে

