অর্থকাগজ প্রতিবেদন ●
বাসাবাড়িতে গ্যাস সংযোগ নিয়ে এখনই কোনো আশ্বাস দিতে চান না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘এ মুহূর্তে বাসাবাড়িতে পাইপলাইনে নতুন গ্যাস সংযোগ দেয়ার মিথ্যা আশ্বাস দিতে চাই না। পর্যাপ্ত গ্যাস সরবরাহের ব্যবস্থা হলে বিষয়টি দেখা যাবে।’
১২ অক্টোবর নোয়াখালীর অম্বরনগরে বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট কুপ) খনন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘আগে গ্যাসের দাম সরকার নির্ধারণ করত। এখন তা আর সরকার করে না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্রাহক ও এলপি গ্যাস আমদানিকারকদের সঙ্গে কথা বলে বোতলজাত গ্যাসের দাম নির্ধারণ করে। গত দুই মাসে সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তবে বিশ্ব বাজারে এলপি গ্যাসের দাম কমালে আমাদের দেশেও দাম কমানো হবে। আমরা কয়েক দিন আগে ডিজেল, অকটেন ও পেট্রলের দাম কমিয়েছি। বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে তা ভবিষ্যতেও বিবেচনা করা হবে।’
এ সময় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুক, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস, বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ●
অকা/জ্বালানি/ফর/দুপুর/১৩ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

