অর্থকাগজ ডেস্ক>
পুঁজিবাজারে লেনদেনের গতি ও তারল্য বাড়াতে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারে ‘ডে নেটিং’ সুবিধা চালুর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে দ্রুত ডাইরেক্ট লিস্টিং, লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে টি+২ পদ্ধতিতে আনা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক বাজার তদারকি ব্যবস্থা চালু এবং পুঁজিবাজার-সংশ্লিষ্ট মামলার জন্য উচ্চ আদালতে পৃথক বেঞ্চ গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।
তিনি বলেন, ব্রোকারেজ হাউস মালিকদের সংগঠন সব শেয়ারের জন্য ডে নেটিং সুবিধা চালুর প্রস্তাব দিলেও বর্তমান বাজার পরিস্থিতিতে তা বাস্তবসম্মত নয়। তাই প্রথম ধাপে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর শেয়ারে এই সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মাসুদ খান জানান, প্রাথমিকভাবে প্রায় ৩০টি শক্তিশালী মৌলভিত্তির কোম্পানির শেয়ার এ সুবিধার আওতায় আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। এতে বিনিয়োগকারীরা একই দিনে শেয়ার কিনে বিক্রি করতে পারবেন, যা বাজারে তারল্য বৃদ্ধি এবং লেনদেন সচল রাখতে সহায়ক হবে।
তিনি আরও জানান, শেয়ার লেনদেন নিষ্পত্তির সময়ও ধাপে ধাপে কমিয়ে টি+২ পদ্ধতিতে আনার কাজ চলছে। এ ব্যবস্থা চালু হলে বিনিয়োগকারীরা শেয়ার কেনার পরদিনই তা বিক্রি করার সুযোগ পাবেন, ফলে বাজারে লেনদেন আরও গতিশীল হবে।
বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে ভালো ও বড় প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে খুব শিগগিরই ডাইরেক্ট লিস্টিং ব্যবস্থা চালু করা হবে। যোগ্য কোম্পানিগুলো আবেদন করলে যাচাই-বাছাই শেষে দ্রুত তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হবে।
বাজারে কারসাজি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কমিশনের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পর অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসে। এ কারণে পুঁজিবাজার-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য উচ্চ আদালতে পৃথক বেঞ্চ গঠনের উদ্যোগ নেওয়া হবে।
মাসুদ খান জানান, আগামী এক বছরের মধ্যে এআইভিত্তিক আধুনিক সার্ভেইল্যান্স ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বাজার কারসাজি দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা যায়।
তিনি আরও বলেন, শেয়ারবাজারে অনিয়ম ও জালিয়াতির ঘটনায় শুধু দেওয়ানি নয়, প্রয়োজন হলে ফৌজদারি মামলার বিধান কার্যকর করার বিষয়টিও কমিশন বিবেচনা করছে।
সর্বশেষ হালনাগাদ 24 hours আগে

