অর্থকাগজ ডেস্ক>
বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিশরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। এই লড়াইকে সামনে রেখে একাদশে অন্তত তিনটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর জয় পাওয়া আর্জেন্টিনা এবার কিছু নতুন মুখ নিয়ে মাঠে নামতে পারে। স্কালোনির পরিকল্পনা অনুযায়ী, বামপ্রান্তের রক্ষণে ফাকুন্দো মেদিনার জায়গায় ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। আক্রমণভাগে লাউতারো মার্টিনেজের পরিবর্তে সুযোগ পেতে পারেন হুলিয়ান আলভারেজ। এছাড়া মাঝমাঠে থিয়াগো আলমাদার বদলে একাদশে দেখা যেতে পারে অভিজ্ঞ লিয়ান্দ্রো পারেদেসকে।
সংবাদ সম্মেলনে পারেদেসকে নিয়ে স্কালোনি বলেন, কাতার বিশ্বকাপের পর শতভাগ ফিট থাকলেই তিনি দলে জায়গা পেয়েছেন। তবে চোটের কারণে তাকে সব ম্যাচে ব্যবহার করা সম্ভব হয়নি। সে সময় আলেক্সিস ম্যাক অ্যালিস্টার হোল্ডিং মিডফিল্ডারের দায়িত্ব সফলভাবেই পালন করেছেন। এনজো ফার্নান্দেজ ক্লাব ফুটবলে তুলনামূলক এগিয়ে খেলায় ম্যাক অ্যালিস্টারকেই ওই ভূমিকায় রাখা হয়েছিল বলে জানান আর্জেন্টাইন কোচ।
কেপ ভার্দের বিপক্ষে দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন স্কালোনি। তিনি বলেন, শুধু বলের দখল ধরে রাখাই লক্ষ্য নয়, প্রতিপক্ষের পাল্টা আক্রমণও ঠেকাতে হবে। এজন্য ধৈর্য ধরে পাসিং ফুটবল খেলতে হবে এবং আক্রমণে ওঠার আগে অন্তত পাঁচ-ছয়টি সফল পাস আদান-প্রদানের ওপর গুরুত্ব দেন তিনি।
প্রতিপক্ষ মিশরকে নিয়েও যথেষ্ট সতর্ক স্কালোনি। তার মতে, চার ম্যাচে মাত্র একটি জয় পেলেও মিশর প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। দলটি রক্ষণাত্মক নয়, বরং আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। তবে আর্জেন্টিনার বিপক্ষে প্রতিপক্ষ অনেক সময় কৌশল বদলে ফেলে, আর সেই সম্ভাবনাও মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
একাদশে পরিবর্তন এলেও দলের মৌলিক খেলার ধরনে কোনো পরিবর্তন আসবে না বলেও স্পষ্ট করেছেন স্কালোনি। তিনি বলেন, ম্যাচভেদে কৌশলে কিছু পরিবর্তন আনা সম্ভব হলেও মিশরের বিপক্ষে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দ ও দর্শনেই খেলবে। পাশাপাশি খেলোয়াড়দের শারীরিক অবস্থাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
সর্বশেষ হালনাগাদ 9 hours আগে

