অর্থকাগজ ডেস্ক>
দাপুটে ফুটবল উপহার দিয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। চার্লস ডি কেটেলারের জোড়া গোলের সঙ্গে হান্স ভেনাকেন ও বদলি খেলোয়াড় রোমেলু লুকাকুর একটি করে গোলে সহজ জয় তুলে নেয় ইউরোপের দলটি।
মঙ্গলবার সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত শেষ ষোলোর এই ম্যাচের আগে যুক্তরাষ্ট্রকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল লাল কার্ডের কারণে নিষিদ্ধ ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের বিতর্ক। তবে মাঠের খেলায় সেই আলোচনা কোনো প্রভাব ফেলতে পারেনি। বরং পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়েছে বেলজিয়াম।
শুরুর বাঁশি বাজতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বেলজিয়াম। ম্যাচের অষ্টম মিনিটে চার্লস ডি কেটেলারে গোল করে দলকে এগিয়ে দেন। চলতি আসরে প্রথমবারের মতো ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে যুক্তরাষ্ট্র।
৩১তম মিনিটে মালিক টিলম্যান দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান। কিন্তু সেই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র ৬১ সেকেন্ডের মধ্যেই আবার গোল হজম করে যুক্তরাষ্ট্র, যা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বেলজিয়ামের হাতে তুলে দেয়।
এরপর মার্কিন রক্ষণভাগ ও গোলরক্ষকের একের পর এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান আরও বাড়ায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে গোলরক্ষক ম্যাট ফ্রিজের ভুল থেকে তৃতীয় গোল আসে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বদলি হিসেবে নেমে রোমেলু লুকাকু চতুর্থ গোল করে বেলজিয়ামের বড় জয় নিশ্চিত করেন।
এই জয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার ধারাও ধরে রাখল বেলজিয়াম। পাশাপাশি গত ১২ বছরে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব থেকে যুক্তরাষ্ট্রকে বিদায় করল তারা।
অন্যদিকে, টুর্নামেন্টে টানা তিন ম্যাচ জিতে শেষ ষোলোতে ওঠা যুক্তরাষ্ট্র ২০০২ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ করতে পারল না। বেলজিয়ামের বিপক্ষে এটি তাদের টানা সপ্তম পরাজয়। এছাড়া ইউরোপের দলগুলোর বিপক্ষে শেষ ১২ ম্যাচের মধ্যে ১১টিতেই হারল মার্কিনরা।
সেমিফাইনালে জায়গা নিশ্চিতের লড়াইয়ে আগামী শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইংগলউডে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। ওই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে খেলবে ফ্রান্স অথবা মরক্কোর বিপক্ষে।
সর্বশেষ হালনাগাদ 9 hours আগে

