অর্থকাগজ ডেস্ক>
স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। ৩-০ গোলের এই জয়ের মাধ্যমে গ্রুপসেরা হয়ে শেষ ৩২-এ উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের এমন সাফল্যে ব্রাজিলজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ।
নকআউট পর্বে উত্তরণের আনন্দকে আরও বিশেষ করে তুলতে রিও ডি জেনেইরোর স্থানীয় প্রশাসন আগামী সোমবার সরকারি কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান শহরের মেয়র এদুয়ার্দো কাভালিয়েরি।
তিনি বলেন, অস্থায়ী গভর্নর বিচারপতি রিকার্দো কৌতোর সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
আগামী ২৯ জুন অনুষ্ঠিতব্য ব্রাজিলের নকআউট ম্যাচের দিন পৌর ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ঐচ্ছিক ছুটি কার্যকর থাকবে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।
স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও উচ্ছ্বাসে মেতে ওঠেন সমর্থকরা। ভাইরাল হওয়া বিভিন্ন মিম নিজের অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন মেয়র কাভালিয়েরি। এক পোস্টে তিনি মজার ছলে লেখেন, “ব্রাজিলকে নিয়ে পাওয়া মিমগুলো একবার দেখে নিন।” পরে সমর্থকদের উদ্দেশে যোগ করেন, “এখন হেক্সা জয়ের স্বপ্ন দেখতেই পারেন।”
নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। জাপান, সুইডেন অথবা নেদারল্যান্ডসের যেকোনো একটি দলের মুখোমুখি হতে পারে সেলেসাওরা।
সর্বশেষ হালনাগাদ 1 hour আগে

