অর্থকাগজ প্রতিবেদন ●
যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফের দায়িত্ব পেয়ে যোগদান করেছেন অভিজ্ঞ বীমা নির্বাহী ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল। ২৯ আগস্ট দুপুর থেকে তিনি যমুনা লাইফে কার্যক্রম শুরু করেছেন বলে অর্থকাগজকে নিশ্চিত করেছেন।
গত ২৮ আগস্ট যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী ড. বিশ্বজিৎ কুমার মণ্ডলকে এ দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মার্চ থেকে ২০২০ সালের ৭ এপ্রিল পর্যন্ত দুই মেয়াদে দীর্ঘ ৬ বছর বিশ্বজিৎ কুমার মণ্ডল যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এর আগে ২০২২ সালের ২৪ মে থেকে ২০২৩ সালের ১৬ অক্টোবর অবধি তিনি হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োজিত ছিলেন। ১০ মাস তিনি পেশা থেকে বিরত ছিলেন।
দেশের জীবন বীমা পেশায় ড. মন্ডলের কর্ম পরিধি বর্ণাঢ্য। ১৯৯৮ সালের ৪ নভেম্বর বেসরকারি খাতে পরিচালিত দেশের বৃহৎ জীবন বীমা প্রতিষ্ঠান ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এ সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে বীমা পেশায় কর্মজীবন শুরু করেন বিশ্বজিৎ কুমার মণ্ডল। পরে সানলাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বিশ্বজিৎ কুমার মণ্ডল ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াস্থ আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে ‘ফান্ড ইনভেস্টমেন্ট প্র্যাকটিসেস এন্ড দেয়ার ইম্প্যাক্ট অন স্টেকহোল্ডার্স অব লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ ইন বাংলাদেশ’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
তিনি ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে আইসিএবি থেকে সিএ (ইন্টামিডিয়েট), ২০১৩ সালে আইসিএবি থেকে সিএ (প্রফেশনাল স্টেজ) ডিগ্রি অর্জন করেন।
এ ছাড়াও ২০০৪ সালে আইসিজিএবি’র ফেলো মেম্বার (এফসিজিএ) হন এবং ২০০৭ সালে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ডিপ্লোমাতে প্রথম স্থান অধিকার করে টাইজার অ্যাওয়ার্ড অর্জন করেন। তিনি দেশ বিদেশে বহু সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।
দেশের বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এর প্রতিষ্ঠাতা সেক্রেটারি বিশ্বজিৎ কুমার মণ্ডল। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশেন নির্বাহী কমিটি (২০১৯-২১)’র সদস্য এবং সংগঠনটির লাইফ টেকনিক্যাল সাব-কমিটির সদস্য ছিলেন বিশ্বজিৎ কুমার মণ্ডল।
বাগেরহাট জেলার মংলা থানার মৌখালি গ্রামে ১৯৬১ খ্রিষ্টাব্দের ২ মার্চ জন্ম তাঁর। পারিবারিক জীবনে একমাত্র সন্তানের অধিকারী মিতব্যয়ী ড. বিশ্বজিৎ কুমার মন্ডল স্ত্রীকে নিয়ে সুখী। পুত্র রাজধানীর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রী লাভের পর বর্তমানে আইসিএবিতে সিএ অধ্যয়ন করছে। ●
অকা/জীবীকো/প্র/সন্ধ্যা/৩০ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

