অর্থকাগজ প্রতিবেদন
বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বাড়াতে চীনের শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম আলীবাবা ডট কমের সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। একই সঙ্গে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) বৈশ্বিক ডিজিটাল বাণিজ্যের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শনিবার নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আলীবাবা ডট কমের প্রতিনিধিদলের সঙ্গে সিসিসিআই নেতাদের এক সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় উঠে আসে।
বৈঠকে চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, অর্থনৈতিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাণিজ্য সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি চট্টগ্রামের আনোয়ারায় চায়না স্পেশাল ইকোনমিক জোন বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, এসব শিল্পাঞ্চলে উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে আলীবাবার মতো বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় পণ্য আলীবাবার অনলাইন মার্কেটপ্লেসে যুক্ত করার জন্যও তিনি আহ্বান জানান।
চেম্বার সভাপতি আরও বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন ও বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। আলীবাবার বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ, ই-কমার্স উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমে চিটাগাং চেম্বার সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।
আলীবাবা ডট কমের পাকিস্তান ও বাংলাদেশের জেনারেল ম্যানেজার গাওয়া সামার বলেন, বিশ্বব্যাপী প্রায় পাঁচ কোটি সক্রিয় ক্রেতা এবং দুই লাখের বেশি সরবরাহকারী প্রতিষ্ঠান আলীবাবার সঙ্গে যুক্ত রয়েছে। বাংলাদেশের উৎপাদন সক্ষমতা এবং বাজার সম্ভাবনা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি দেশে ব্যবসা সম্প্রসারণের সুযোগ খুঁজছে।
তিনি বলেন, তৈরি পোশাকের বাইরে কৃষিপণ্য, সামুদ্রিক খাদ্যপণ্যসহ অন্যান্য খাতেও বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা রয়েছে। এসব পণ্যকে বৈশ্বিক ক্রেতাদের কাছে পৌঁছে দিতে কাজ করছে আলীবাবা।
বৈঠকে চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, দেশের ই-কমার্স খাতের টেকসই বিকাশে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজার সম্পর্কে জ্ঞান বৃদ্ধি জরুরি। এ ক্ষেত্রে আলীবাবার মতো বৈশ্বিক প্ল্যাটফর্ম বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।
সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

