তারেক আবেদীন>
রাষ্ট্র-মালিকাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) আগের নাম -বাংলাদেশ শিল্প ব্যাংক নামেই ফিরছে।
কদিন আগে অর্থকাগজকে এ কথা জানান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এর ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. জসীম উদ্দিন। তিনি বলেন, অর্থ মন্ত্রলালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিব ও সরকারের সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তাদের আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে প্রতিষ্ঠানের নাম উন্নয়ন ও সমৃদ্ধির পরিচয় বহন করে। তারাও বিষয়টি ভালোমতো অনুধাবন করতে পেরেছেন। আশা করি অচিরেই সে নামে এবং আগের প্রতাপে প্রতিষ্ঠানটি ফিরবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এর এক সময়কার অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্র মো. জসীম উদ্দিন আপাদমস্তক বাণিজ্যিক ব্যাংকার। ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন তিনি। শেষ অবধি তিনি জনতা ব্যাংক পিএলসির উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। বেশ সততা ও সুনামের সঙ্গে দীর্ঘ সময় এ প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি ২০২৪ সালের ২০ নভেম্বর যোগদান করেন। কাজ যোগ দিয়ে দেশের শিল্পায়নে গোষ্ঠীগত উদ্যোক্তার সৃষ্টির একসময়কার রূপকার ব্যাংকটির বর্তমান সমস্যাগুলো সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে চিহ্নিত করেন। সমাধানের জন্য দেড় বছরের অধিক সময় ধরে কাজ করে চলেছেন। তিনি বলেন, ব্যাংকটি আগে শিল্প ঋণ এবং কার্যকরী মূলধন বিতরণে বেশি উৎসাহী ছিল। মেয়াদী ঋণ আধিক্য ছিল তখন। শুধু টার্ম লোন! তা নিয়ে প্রকল্প বানিয়েছেন উদ্যোক্তারা। অন্য ব্যাংকগুলো যখন তা শুরু করল তখন সেখানে এ ব্যাংকের বড় বড় শিল্প উদ্যোক্তা ঋণ পরিশোধ করে চলে যান। অন্য ব্যাংক থেকে ঋণ নেয় তারা। অথচ বাংলাদেশ শিল্প ব্যাংকই প্রথম দেশে শিল্পের বীজ বপন করে।
জসীম উদ্দিন বলেন, ঋণ আদায় কার্যক্রমকে আমরা সবাই বেশি গুরুত্ব দিচ্ছি। এ ক্ষেত্রে গ্রাহকের সংগে উত্তম ব্যবহার এবং সহমর্মিতায় ইতিবাচক ফল পাচ্ছি আমরা। ছোট ছোট আকারের প্রকল্পে আর্থিক সহায়তায় নতুনভাবে ঋণ দিচ্ছি আমরা। আস্তে আস্তে এর আকার এবং পণ্য বাড়ানো হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিডিবিএলের শ্রেণিকৃত ঋণ এ যাবত ১০৬৭ কোটি টাকা এবং অবলোপনকৃত ঋণের পরিমাণ ১৪০০ কোটি টাকা। খেলাপী ঋণের পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি টাকা। যাচাই বাছাই না করে এসব ঋণ দেয়া হয়। সব আদায় হবে না জানি। যা হবে; তাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখছি।
বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস) একীভূত হয়ে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ২০০৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানি আইন- ১৯৯৪ অনুসারে একটি পাবলিক লিমিটেড কোম্পানি গঠিত হয়। নতুন নামকরণ হয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। ব্যাংকটি বর্তমানে ৫০টি অনলাইন শাখার মাধ্যমে গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে।
সর্বশেষ হালনাগাদ 8 hours আগে

