নিজস্ব প্রতিবেদক>
বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী ও ‘বাংলা’ ব্যান্ডের প্রধান ভোকাল আনুশেহ আনাদিল গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ধীরে ধীরে নিজের শ্রবণশক্তি হারাচ্ছেন এই গুণী শিল্পী। দীর্ঘদিন ধরে তাঁর গান থেকে আড়ালে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
সামাজিকমাধ্যমে দেওয়া এক খোলামেলা বার্তায় আনুশেহ জানান, তিনি ‘টিনিটাস’ (Tinnitus) নামক একটি সমস্যায় আক্রান্ত। এই জটিলতার কারণে তাঁর কানের ভেতরে সবসময় এক ধরনের তীব্র শব্দ হতে থাকে, যা ধীরে ধীরে তাঁর শোনার ক্ষমতা কেড়ে নিচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, উচ্চ শব্দ এখন তাঁর জন্য সম্পূর্ণ অসহনীয় এবং তা তাঁর কানে ব্যথার সৃষ্টি করে।
দীর্ঘদিন ধরে কেন নতুন গান বা কনসার্টে পাওয়া যাচ্ছে না—ভক্তদের এমন প্রশ্নের জবাবে আনুশেহ লিখেছেন, “আমি শুধু সত্যিটা বলতে চেয়েছিলাম, কেন আমি আর গান করি না। আমি ধীরে ধীরে আমার শোনার ক্ষমতা হারাচ্ছি। আমার টিনিটাস হয়েছে। আর কানের ভেতরের শব্দ এত জোরে যে আমি আর উচ্চ শব্দ সহ্য করতে পারি না। এটি আক্ষরিক অর্থেই আমার কানে ব্যথা তৈরি করে।”
চিকিৎসার বিষয়ে শিল্পী জানান, চিকিৎসকদের পরামর্শে তিনি প্রথমে হিয়ারিং এইড ব্যবহার করেছিলেন। তবে এতে হিতে বিপরীত হয়েছে; এই যন্ত্রের ওপর নির্ভরতা তাঁর শ্রবণক্ষমতা আরও কমিয়ে দেয় এবং টিনিটাসের সমস্যা বাড়িয়ে তোলে। তাই পরবর্তীতে তিনি হিয়ারিং এইডের ব্যবহার বন্ধ করে দেন।
শারীরিক এই অবস্থার কারণেই নিজের জীবনযাত্রায় বড় পরিবর্তন এনেছেন আনুশেহ। কোলাহলপূর্ণ শহর ছেড়ে বর্তমানে তিনি সম্পূর্ণ শান্ত ও নিরিবিলি পরিবেশে গ্রামে বসবাস করছেন। তাঁর গড়া ‘সরলবাড়ি’ ইকো রিসোর্টেই কাটছে তাঁর দিন, যা বাউল-শিল্পীদের একটি আশ্রম হিসেবেও পরিচিত। এ প্রসঙ্গে তিনি বলেন, “এই কারণেই আমি গ্রামে থাকতে পছন্দ করি। সেখানে পরিবেশ শান্ত এবং আমার কানের জন্যও সেটি সহজ।”
উল্লেখ্য, নব্বইয়ের দশকের শেষভাগ থেকে লোকসংগীত ও ফিউশনে নিজের স্বতন্ত্র কণ্ঠ এবং গায়কির মাধ্যমে বাংলা ব্যান্ড সংগীতকে সমৃদ্ধ করে চলেছেন আনুশেহ আনাদিল। তাঁর গাওয়া ‘তোমার ঘরে বসত করে কয়জনা’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’, ‘সহজ মানুষ’সহ অসংখ্য গান শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।
সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

