অর্থকাগজ প্রতিবেদন ●
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত বিশ্বের মতো বীমা ব্যবস্থা দেশে চালু হওয়া প্রয়োজন, তা আমরাও চাই। ১ মার্চ সকালে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার বেশ কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানির অনুমতি দিয়েছে। এগুলো আরও কার্যকর করতে হবে। আমরা স্বাস্থ্য বীমা চালু করতে চাই। এজন্য কাজ শুরু করতে হবে।
বীমাকে জনপ্রিয় করাসহ এর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে সরকারি ও বেসরকারি কোম্পানিগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, অনেকেই ব্যবসা করতে গিয়ে বীমা করে। এরপর ভুল বা অসত্য তথ্য দিয়ে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রিমিয়াম থেকে টাকা দাবি করে। হয়তো এই দাবি সঠিক নয়। এসব বিষয়ে আমাদের সর্তক হতে হবে। যারা এসব পরীক্ষা করে তাদের ভালোভাবে শিক্ষা দিতে হবে। তারা যেন আবার অন্য কোনোভাবে ওই অল্প ক্ষতিকে বড় ক্ষতি করে না দেখায়।
আবার গ্রাহক যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়ে খেয়াল রাখারও অনুরোধ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বীমা মানে হচ্ছে একটা আমানত। তাই কেউ যেন তার প্রাপ্য চাইতে গিয়ে হয়রানির শিকার না হয়। প্রাপ্য যেন সহজেই পায়, সেটা নিশ্চিত করতে হবে। বীমা নিয়ে নানা হয়রানি হয়- এসব বন্ধ করতে হবে। বীমা দাবিতে অনিয়ম দূর করতে প্রযুক্তির ব্যবহারের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্সে বঙ্গবন্ধুর যোগদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দীর্ঘ ২৩ বছর আন্দোলন-সংগ্রাম করে বাঙালি জাতিকে ধাপে ধাপে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেন। যখন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী রাজনীতি নিষিদ্ধ করেছিলো তখন তিনি আলফা ইন্স্যুরেন্সে কর্মরত অবস্থায়ও বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়ে দলের নেতাকর্মীদের সংগঠিত রেখেছেন। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে বঙ্গবন্ধুর সহযোগিতায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছিলেন।
রাজধানীর শেরে বাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বিতীয়বারের মত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হচ্ছে জাতীয় বীমা দিবস। ‘বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাবো সবাই মিলে’ এ প্রতিপাদ্যে সকালে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি। প্রধানমন্ত্রীর মত তিনিও ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ্, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর সভাপতি শেখ কবির হোসেন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন। অনুষ্ঠানে দেশের বীমা প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা, পরিচালক ও সংশ্লিষ্টরাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
#
অকা/ বীখা/ বিকেল, ১ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
