অর্থকাগজ প্রতিবেদন>
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে সাংস্কৃতিক ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসবাদবিরোধী গবেষণা ও সক্ষমতা উন্নয়ন এবং বিনিয়োগ সহযোগিতা বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ দলিল বিনিময় করেছে দুই দেশ।
সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকের পর উভয় নেতার উপস্থিতিতে এসব সমঝোতা ও দলিল বিনিময়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকটি দুই দেশের মধ্যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে নতুন সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি গবেষণা ও প্রশিক্ষণভিত্তিক সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের পথও সুগম হবে।
এ ছাড়া বিনিয়োগ-সংক্রান্ত দলিল বিনিময়ের মাধ্যমে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের ভিত্তি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মালয়েশিয়া থেকে বাংলাদেশে নতুন বিনিয়োগ আকর্ষণ এবং বেসরকারি খাতের অংশীদারত্ব বৃদ্ধির ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং মালয়েশিয়ার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান সংশ্লিষ্ট দলিলগুলো বিনিময় করেন।
এর আগে সকালে পুত্রাজায়ার ‘পেরদানা পুত্রা’ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পরে দুই নেতা একান্ত বৈঠকে অংশ নেন। এরপর উভয় দেশের প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হয় দ্বিপক্ষীয় বৈঠক।
বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কৃষি, শিক্ষা, সেমিকন্ডাক্টর শিল্প এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সর্বশেষ হালনাগাদ 37 minutes আগে

