বিনোদন প্রতিবেদক>
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা শানু। আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু।
নির্বাচন কমিশনের তথ্যমতে, সমিতির মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।
ফলাফলে সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান পান ১৭৩ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
এবারের নির্বাচনকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরেই বিএফডিসি ছিল সরগরম। শিল্পীদের অংশগ্রহণে প্রচার-প্রচারণা, মতবিনিময় সভা ও বিভিন্ন নির্বাচনি কার্যক্রমে প্রাণচাঞ্চল্য ফিরে আসে চলচ্চিত্রপাড়ায়। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় শিবা শানু–জয় চৌধুরী পরিষদ এবং আরমান–মুক্তি পরিষদের মধ্যে।
নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দেবে। নতুন নেতৃত্বের কাছে শিল্পীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ হালনাগাদ 13 hours আগে

