দেশের বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৩-২০২৪ মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য নাসির উদ্দিন আহমেদ (পাভেল) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ ২৮ অক্টোবর সংগঠনটির ২১৮তম নির্বাহী কমিটির সভায় তাঁকে সবার সম্মতিতে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়।
বিআইএ’র নির্বাহী কমিটির ২০২৩-২০২৪ মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৮ এপ্রিল। স্বাস্থ্যগত কারণে সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন পদত্যাগ করায় প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) অবশিষ্ট সময়ের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বিআইএ’র দুই মেয়াদে (২০২১-২০২২ ও ২০২৩-২০২৪) প্রথম ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস-চেয়ারম্যান এবং মেঘনা লাইফ সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান।
তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির বোর্ড অব গভর্নরস এর একজন সদস্য। এছাড়া তিনি নিজাম-হাসিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের অন্যতম পরিচালক।
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিসহ দেশে-বিদেশে তিনি বীমার ওপর বিভিন্ন প্রশিক্ষণ এবং সেমিনারে অংশগ্রহণ করেন। বিগত প্রায় ১৪ বছর ধরে তিনি অর্থ মন্ত্রণালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর বিভিন্ন কমিটির সদস্য হিসেবে বীমা খাতের উন্নয়নে গুরুত্বর্ণ ভূমিকা পালন করে আসছেন।
নাসির উদ্দিন আহমেদ এফবিসিসিআই’র সাবেক সদস্য এবং এফবিসিসিআই’র ইন্স্যুরেন্স বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। এফবিসিসিআই’র প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি জাপান, হংকং, চীন, ওমান, রাশিয়া, ইউক্রেন ও ফিলিপাইন সফর করেন। তিনি রোটারী ক্লাব অব ঢাকা মিডটাউন এর একজন রোটারীয়ান। খবর বিজ্ঞপ্তির ●
অকা/বীখা/সখবি/রাত/২৮ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

