অর্থকাগজ ডেস্ক>
ফুটবল বিশ্বকাপের মহারণ শুধু নিউ জার্সিতেই সীমাবদ্ধ থাকছে না, এর রেশ ছড়িয়ে পড়েছে ঢাকাতেও। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফাইনাল উপলক্ষে রোববার (১৯ জুলাই) রাতে রাজধানীতে বড় পর্দায় ম্যাচ প্রদর্শনের পাশাপাশি আয়োজন করা হয়েছে দুটি জমকালো কনসার্ট। যেখানে পারফর্ম করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে সঞ্জয় দেব এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান।
রাজধানীর বনানীর পূজা মাঠে অনুষ্ঠিত হবে একটি বিশেষ ফ্যান ফেস্ট। সেখানে বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগের পাশাপাশি দর্শকদের মাতাবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। তাঁর সঙ্গে থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন সঞ্জয় দেব। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠিত বিশ্বকাপ ফ্যান ফেস্টেও পারফর্ম করেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই শিল্পী।
আয়োজকদের সূত্রে জানা গেছে, সঞ্জয় দেব ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন এবং অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। ঢাকার অনুষ্ঠান শেষ করেই তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে নির্ধারিত আরেকটি কনসার্টে অংশ নিতে রওনা দেবেন।
অন্যদিকে, রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ফাইনাল কিকঅফ’ শীর্ষক আরেকটি বিশেষ আয়োজন। এখানে বড় পর্দায় সরাসরি বিশ্বকাপ ফাইনাল দেখার পাশাপাশি দর্শকদের জন্য থাকবে লাইভ সংগীত পরিবেশনা।
এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান। তাঁর সঙ্গে মঞ্চে গান পরিবেশন করবেন ফিরোজ জং, ব্যান্ড দ্য ব্রাউন টেস্টামেন্ট এবং শিল্পী জেসিয়া ইসলাম।
সর্বশেষ হালনাগাদ 6 hours আগে

