অর্থকাগজ প্রতিবেদন ●
রাষ্ট্রীয় খাতে একমাত্র নন লাইফ বীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি চালু করেছে। এ বৃত্তির আওতায় সম্প্রতি ইন্স্যুরেন্স স্ট্রাডিজ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে অধ্যয়নরত ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট ২০ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীর মাঝে জন প্রতি ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দেয়া হয়। সাধারণ বীমা কর্পোরেশন এর দেয়া বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির পরিমাণ ছিলো মোট ১২ লাখ টাকা।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান অর্থকাগজকে বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া রাষ্ট্রীয় খাতে একমাত্র নন লাইফ বীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন। তিনি বীমা পেশার মানুষ ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ সে সময়কার নন লাইফ বীমা কোম্পানি আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে কন্ট্রোলার অব এজেন্সিজ পদে যোগদান করে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতারের আগ পর্যন্ত বীমা পেশায় কর্মরত ছিলেন। বীমা প্রতিষ্ঠানের সঙ্গে বঙ্গবন্ধুর প্রত্যক্ষ অবদানের কথা বিবেচনা করে আমরা এ শিক্ষাবৃত্তি দিয়েছি। ভবিষ্যতে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে এ বৃত্তি অব্যাহত থাকতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
#
সর্বশেষ হালনাগাদ 5 years আগে
