অর্থকাগজ ডেস্ক>
দেশে হামের প্রাদুর্ভাব কমার লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৭ শিশু।
রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, আক্রান্তদের মধ্যে পরীক্ষায় ১১৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭১০ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২ হাজার ৮৪৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৯ হাজার ১৫২ শিশু।
এদিকে, সর্বশেষ চার মৃত্যুসহ ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে নিশ্চিতভাবে মারা গেছে ৯৩ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৯ শিশু। ফলে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১২ জনে।
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা দেওয়ার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সর্বশেষ হালনাগাদ 7 hours আগে

