শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের মৃত্যুবরণ
অর্থকাগজ প্রতিবেদন ●
দেশের তৈরি পোশাক শিল্পের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারর্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) এর সাবেক সভাপতি, ড্রাগন গ্রুপের প্রধান, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুস আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৬.৪০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার জোহর নামাজের পর গুলশান আজাদ মসজিদে মোস্তফা গোলাম কুদ্দুসের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ মাগরিব মোস্তফা গোলাম কুদ্দুসের নিজ জেলা কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়ার বাজারে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, মোস্তফা গোলাম কুদ্দুস দীর্ঘ সময় ধরে বিরল হৃদরোগে ভূগছিলেন। বিদেশে তাঁর হৃদপিন্ডে পেসমেকার প্রতিস্থাপন করা হয়। উন্নত চিকিৎসায় চিকিৎসকের পরামর্শের জন্য তিনি নিয়মিত লন্ডনে যেতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র, দুকন্যাসহ অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর সময় মোস্তফা গোলাম কুদ্দুসের বয়স হয়েছিল ৭৬ বছর। ●
অকা/বীখা/ই/সকাল/২৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

