বিনোদন ডেস্ক>
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হয়েছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর অফিসিয়াল ট্রেলার। ট্রেলার প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে মার্ভেল ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।
মার্ভেল এন্টারটেইনমেন্ট প্রকাশিত দুই মিনিট ২৬ সেকেন্ডের ট্রেলারটিতে আসন্ন মহাযুদ্ধের আভাস মিলেছে। রুশো ব্রাদার্স পরিচালিত এই বিগ বাজেট সিনেমাটি আগামী ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ট্রেলারের সবচেয়ে আলোচিত দিক হলো রবার্ট ডাউনি জুনিয়রের প্রত্যাবর্তন। তবে এবার তিনি জনপ্রিয় সুপারহিরো টনি স্টার্ক (আয়রন ম্যান) হিসেবে নয়, বরং মার্ভেল কমিকসের অন্যতম শক্তিশালী ভিলেন ডক্টর ডুম চরিত্রে পর্দায় ফিরছেন। ট্রেলারে তাঁকে মাল্টিভার্সের জন্য বড় হুমকি হিসেবে দেখানো হয়েছে।
ট্রেলারের শুরুতেই থরকে পৃথিবী ও মহাবিশ্বকে রক্ষার লড়াইয়ে সব সুপারহিরোকে একত্র হওয়ার আহ্বান জানাতে দেখা যায়। এতে বোঝা যায়, মার্ভেলের ইতিহাসের অন্যতম বড় সংঘাতই তুলে ধরা হবে এই সিনেমায়।
এদিকে ভক্তদের জন্য আরেকটি বড় চমক হিসেবে ট্রেলারে দেখা গেছে ক্রিস ইভান্সকে। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর আবারও স্টিভ রজার্স (ক্যাপ্টেন আমেরিকা) চরিত্রে তাঁর উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন অধ্যায়ের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সিনেমাগুলোর একটি হতে যাচ্ছে।
সর্বশেষ হালনাগাদ 10 hours আগে

