অর্থকাগজ ডেস্ক>
ব্যবসাসফল ‘বরবাদ’ সিনেমার পর আবারও এক হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। চলচ্চিত্রপাড়ায় জোর গুঞ্জন, তাদের নতুন সিনেমার নাম হতে পারে ‘নিঃস্ব’।
যদিও সিনেমাটিতে শাকিব খানের অভিনয় প্রায় নিশ্চিত বলে জানা গেছে, তবে তার বিপরীতে কে নায়িকা হিসেবে থাকছেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল ফিতরে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
নতুন এই প্রকল্পের ইঙ্গিত সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন শাকিব খান। সেখানে নির্মাতা মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন সুলতানা সুমির সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক। এরপর থেকেই নতুন সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘বরবাদ’-এর মতো নতুন ছবিটিও প্রযোজনা করবে রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজক শাহরিন সুলতানা সুমি আগেই জানিয়েছেন, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নাম, অভিনয়শিল্পী ও অন্যান্য তথ্য প্রকাশ করা হবে। এরপরই শুরু হবে শুটিং।
উল্লেখ্য, গত বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলে। শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল অভিনীত ছবিটি বক্স অফিসে ৭৫ কোটিরও বেশি টাকা আয় করেছে বলে নির্মাতা পক্ষ দাবি করেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন ছবিটি নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।
সর্বশেষ হালনাগাদ 12 hours আগে

