অর্থকাগজ ডেস্ক>
২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কেনা ও খেলা সম্প্রচারের পুরো প্রক্রিয়ায় প্রায় ১৪০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠানো হবে।
রোববার (১৯ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিশ্বকাপ সম্প্রচার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব তথ্য জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সাবেক সরকারের আমলে ২০২২ সালের কাতার বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব প্রায় ৩ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারে কেনা হয়েছিল। ফিফাকে পুরো অর্থ পরিশোধ করা হলেও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে বিপুল অঙ্কের আর্থিক অনিয়ম সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তিনি জানান, বিটিভিকে কেন্দ্র করে হওয়া এই অনিয়মের বিভাগীয় তদন্ত শেষ হলে তা আইনি মূল্যায়নের জন্য দুদকে পাঠানো হবে।
এ সময় ২০২২ ও ২০২৬ সালের বিশ্বকাপ সম্প্রচারের ব্যয়ের তুলনাও তুলে ধরেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারে সরাসরি ফিফার কাছ থেকে কেনা হয়েছে এবং চারটি গণমাধ্যমের মাধ্যমে সফলভাবে ম্যাচগুলো সম্প্রচার করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের নির্দেশনা ছিল জনগণের অর্থের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত করা। তার ভাষ্য, পুরো আয়োজন শেষে তিন থেকে চার কোটি টাকার সামান্য ঘাটতি থাকলেও বিজ্ঞাপন ও সম্প্রচারস্বত্ব বিক্রির আয় থেকেই তা সমন্বয় করা সম্ভব হবে। ফলে সরকারি কোষাগারের ওপর প্রায় কোনো অতিরিক্ত আর্থিক চাপ পড়েনি।
সর্বশেষ হালনাগাদ 24 hours আগে

