অর্থকাগজ ডেস্ক>
দল তৃতীয় স্থান নিশ্চিত করতে না পারলেও ব্যক্তিগত অর্জনে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪৮ ও ৬৬ মিনিটে গোল করেন এমবাপ্পে। এতে বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়ায় ২২। এর আগে ২১ গোল নিয়ে শীর্ষে ছিলেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে এত বেশি গোল করার নজির আর কোনো ফুটবলারের নেই।
যদিও এমবাপ্পের এই রেকর্ডের দিনটি ফ্রান্সের জন্য সুখকর ছিল না। রোমাঞ্চকর ১০ গোলের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ ব্যবধানে হেরে তৃতীয় স্থান হাতছাড়া করে দিদিয়ের দেশমের দল।
ম্যাচে ফ্রান্স প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। এমবাপ্পের জোড়া গোলের পাশাপাশি তাঁর পাস থেকেই একটি গোল করেন ব্র্যাডলি বারকোলা। শেষদিকে উসমান দেম্বেলেও একটি গোল যোগ করেন। কিন্তু ইংল্যান্ডের আক্রমণাত্মক ফুটবলের সামনে শেষ পর্যন্ত পরাজয় এড়ানো সম্ভব হয়নি।
রেকর্ড গড়ার পাশাপাশি চলতি বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের দৌড়েও সবচেয়ে এগিয়ে আছেন এমবাপ্পে। ধারাবাহিক গোল করার সক্ষমতা এবং বড় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে আবারও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তবে এমবাপ্পের এই রেকর্ড এখনও চূড়ান্ত নয়। কারণ, বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসি। বর্তমানে তাঁর গোলসংখ্যা ২১। ফাইনালে একটি গোল করলে এমবাপ্পের সমান ২২ গোলে পৌঁছে যাবেন তিনি। আর দুটি গোল করতে পারলে আবারও বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের নামে ফিরিয়ে নেবেন আর্জেন্টাইন মহাতারকা।
ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে ট্রফির পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডের লড়াইটিও হতে যাচ্ছে সমান আকর্ষণের। বিশ্বকাপের শেষ ম্যাচে তাই সব নজর থাকবে মেসি ও এমবাপ্পের গড়া এই নতুন ইতিহাসের দিকেও।
সর্বশেষ হালনাগাদ 15 hours আগে

