অর্থকাগজ ডেস্ক>
মর্যাদাপূর্ণ ‘ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬’-এ টানা চতুর্থবারের মতো ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ স্বীকৃতি পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) নীতিমালাকে ব্যাংকিং কৌশল, পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা ও অর্থায়ন সিদ্ধান্তে সফলভাবে অন্তর্ভুক্ত করার স্বীকৃতি হিসেবে ব্যাংকটি এই আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।
ব্যাংকিং ও আর্থিক খাতে অন্যতম মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক পুরস্কারটি মূলত টেকসই অর্থায়ন, দায়িত্বশীল সুশাসন ও সামাজিক প্রভাব সৃষ্টিতে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রদান করা হয়। প্রাইম ব্যাংক তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব উৎপাদন, এসএমই, নারী উদ্যোক্তা ও কৃষি খাতে অর্থায়নের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি ও সবুজ অর্থনীতি তৈরিতে কাজ করছে।
এ অর্জন সম্পর্কে প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, টানা চতুর্থবারের মতো ইউরোমানির এই স্বীকৃতি অর্জন অত্যন্ত গৌরবের এবং এটি ব্যাংকের শক্তিশালী সুশাসন ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের ধারাবাহিক প্রতিফলনের প্রতীক। কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও তুলে ধরেন, সবার সম্মিলিত প্রচেষ্টাই এই সাফল্য এনে দিয়েছে এবং আগামীতেও একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সর্বশেষ হালনাগাদ 7 hours আগে

