অর্থকাগজ ডেস্ক>
শেষ ৩২-এর লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে নকআউট বাধা পেরিয়েছে আর্জেন্টিনা। এবার লক্ষ্য কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। মঙ্গলবার মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে শুরুর একাদশে তিনটি পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার দলের অনুশীলন বাতিল হলেও রোববারের ক্লোজড-ডোর অনুশীলনে ম্যাচ পরিকল্পনা চূড়ান্ত করবেন কোচ লিওনেল স্কালোনি। বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণে একটি করে বদল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আক্রমণভাগ নিয়ে। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে শুরু থেকে খেলবেন কে—লাওতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ? এই সিদ্ধান্তই এখন স্কালোনির সবচেয়ে বড় ভাবনার জায়গা।
বিশ্বকাপ শুরুর আগে বাঁ গোড়ালির চোট থেকে ফিরে আসা আলভারেজ এখনও শতভাগ ছন্দে ফিরতে পারেননি। অন্যদিকে কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে থাকা লাওতারো প্রত্যাশিত গোল না পেলেও মেসির জন্য একটি দুর্দান্ত গোলের সুযোগ তৈরি করেছিলেন। পরে বদলি হিসেবে নেমে আলভারেজও প্রাণবন্ত ফুটবল খেললেও গোলের দেখা পাননি।
রক্ষণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ফাকুন্দো মেদিনা টানা কয়েকটি ম্যাচ খেললেও শেষ ম্যাচে তার পায়ে টান ধরেছিল। তিনি পুরোপুরি সুস্থ না থাকলে অভিজ্ঞ নিকোলাস তালিয়াফিকো আবারও প্রথম একাদশে ফিরতে পারেন।
মাঝমাঠে দলকে আরও ভারসাম্যপূর্ণ করতে লিয়ান্দ্রো পারেদেস অথবা নিকোলাস গঞ্জালেসকে শুরুর একাদশে দেখা যেতে পারে। সে ক্ষেত্রে জায়গা হারাতে পারেন থিয়াগো আলমাদা। পারেদেস খেললে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আরও স্বাচ্ছন্দ্যে আক্রমণভাগে ভূমিকা রাখতে পারবেন। আর গঞ্জালেস সুযোগ পেলে আর্জেন্টিনার আক্রমণে গতি ও উইং প্লে আরও বাড়বে।
তবে শেষ মুহূর্তে স্কালোনি ভিন্ন সিদ্ধান্তও নিতে পারেন। কারণ কেপ ভার্দের বিপক্ষে জয় পাওয়া দলটিকেই তিনি এখন পর্যন্ত সবচেয়ে ভারসাম্যপূর্ণ মনে করছেন। তাই কয়েকটি পরিবর্তন এলেও দলের মূল কাঠামো অপরিবর্তিত রাখার সম্ভাবনাই বেশি।
সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

